দিনাজপুরে জুয়া খেলার সময় ১৫ জুয়ারি এবং শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে খদ্দের ও পতিতাসহ চারজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকের পর দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার অভিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন জানান, বুধবার রাতে পৃথক দুটি অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়।
সদর উপজেলার কাশিপুর স্কুল মাঠ প্রাঙ্গনে হাউজি খেলার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খেলার সরঞ্জামসহ ১৫ জনকে আটক করে।
অন্যদিকে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুইজন পতিতা ও দুইজন খদ্দেরকে আটক করা হয়।
আটকৃতদের রাত ৩টার সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানের ভ্রম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সাতজনকে জরিমানা করে ছেড়ে দেয়।
বাকি ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তদের সকলকে রাতেই দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





