মাগুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের সাহাবাজ মোল্যার ছেলে সবুর মোল্যা (৫২), কবির হোসেন (৫০), চাচাতো ভাই রহমান মোল্যা (৫৫) এবং ইমরান (২৫)।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার নজরুল ইসলাম ও স্থানীয় সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই মাঝে আগামী মাসে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে সবুর মোল্লার পক্ষে সৈয়দ হাসানকে একই ওয়ার্ডে মেম্বার প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। হতাহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল আহসান বলেন, সংঘর্ষে চারজন নিহত হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তিদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
এমবি





