পথচারীদের রাস্তা পারাপারের জন্য রাজধানীর শাহবাগে অবিলম্বে ২ টি আন্ডারপাস (পাতালপথ) নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে (একনেক) এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শাহবাগে এরই মধ্যে একটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। কিন্তু প্রধানমন্ত্রী একটি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বলে একনেকপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের জানান।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, একটি আন্ডারপাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বারডেমের দিকে এবং অপরটি বিএসএমএমইউ থেকে জাতীয় জাদুঘরের দিকে নির্মিত হবে।

একনেক সভায় নয়টি প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮৫৮ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ২ হাজার ২০৭ কোটি ৪৫ লাখ ও বাকি টাকা সরকারি খাত থেকে দেওয়া হবে।

এমকে