গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে ছিনতাইকারীরা রোববার দুপুরে বিকাশের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে তাঁর কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজাম উদ্দিনের (২৬) ডান পায়ে গুলি লেগেছে।
টঙ্গী বিকাশ বিপণন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ফজলুল হক বলেন, টঙ্গীর সেনাকল্যাণ ভবনের নিচতলায় জয়নাল আবেদিন অ্যান্ড সন্স নামের বিকাশের একটি বিপণন কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রের বিক্রয় প্রতিনিধি নিজাম উদ্দিন বিকাশের কয়েকজন এজেন্টের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা আদায় করেন।
টাকা নিয়ে তিনি ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে সেনাকল্যাণ ভবনে বিকাশ অফিসে আসছিলেন। পথে বিসিক মোড় এলাকায় তিন-চারজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করে। এতে তাঁর ডান পায়ে গুলি লাগে। পরে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
আশপাশের লোকজন নিজামকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠান।
টঙ্গী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ছিনতাই হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে কোনো অভিযোগও তিনি পাননি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





