ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় জেলাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। জেলা নাগরিক আন্দোলন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ময়মনসিংহকে বিভাগ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এ আনন্দের খবরে মিষ্টি বিতরণ করা হয়।
১ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬০৬ জন জনসংখ্যা নিয়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করে অবশেষে দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাসহ চারটি জেলা নিয়ে হবে ময়মনসিংহ বিভাগ। আর এটি হবে দেশের অষ্টম বিভাগ।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে নিকার সভায় ‘ময়মনসিংহ বিভাগ’ চূড়ান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা প্রেস ব্রিফিং করে এটি নিশ্চিত করেন। এ বিভাগের সদর দপ্তর হবে ময়মনসিংহ জেলায়। এ বিভাগের আয়তন হবে ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার।
এদিকে বিভাগ ঘোষণার পর পরই ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহে ছুটে আসেন এবং সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীকে ময়মনসিংহকে বিভাগ করায় অভিনন্দন জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদও ময়মনসিংহকে বিভাগ করায় অভিনন্দন জানিয়েছেন এবং বিভাগ ঘোষণায় মঙ্গলবার টাউন হলে একটি সমাবেশের আয়োজন করেছেন।
অন্যদিকে ময়মনসিংহকে বিভাগ করায় জেলা বিএনপির সভাপতি, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি ময়মনসিংহের প্রাণের দাবি ছিল। এ দাবি পূরণে ময়মনসিংহবাসী আশা-আকাঙ্খার বাস্তবায়ন হল।
বিভাগ নিয়ে আন্দোলনকারী সংগঠন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান ও সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালামও পৃথকভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
জেআই





