শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ায় ব্যাংকক ফেরত চার যাত্রীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব আদেশ দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড থেকে আসা বিজি-০৫৬ ফ্লাইটের চার যাত্রী কামরুজ্জামান, রাসেল কবির, কাজী আব্দুল মতিন ও মহাফুজুল হক বিমানবন্দরের আগমনী ক্যানপি এলাকায় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া, কামরুজ্জামানকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

এএইচ