বিশ্ব বরেণ্য ক্রিকেটার মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসানকে আইসিসি’র দেয়া এক বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ (৩০ অক্টোবর) বুধবার সাকিবের নিজ জেলা মাগুরায় এই বিক্ষোভ মিছিল হয়। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসী ও খেলোয়াড়বৃন্দ এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় ‘নো সাকিব, নো ক্রিকেট’, ‘সাকিবকে দেয়া নিষেধাজ্ঞা, মানি না মানবো না’-বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জল, মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, সাবেক ফুটবলার আকরাম হোসেন নান্নু, মহাসিন, আরিফসহ অনেকে।
বক্তরা বলেন, অন্যায়ভাবে সাকিবের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
এদিকে, আইসিসি ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করার খবর শোনার পরপরই মাগুরার ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা নেমে এসেছে। খবর জানার পর শহরের ক্রিকেটপ্রেমী মানুষ এর তীব্র নিন্দা জানিয়েছেন। চায়ের দোকান, হাট-বাজার, মার্কেটসহ মাগুরা শহরের মানুষ এ ঘটনা শোনার পর মর্মাহত হয়েছেন।
জেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমীর পরিচালক বারিক আনজাম বারকি জানান, এক বছর সাকিব ক্রিকেট থেকে সরে থাকা বাংলাদেশের জন্য বড় বিপর্যয়। সামান্য ভুলের কারণে তার এ ধরনের শাস্তি আমরা মাগুরাবাসী মেনে নিতে পারছি না। একজন ভালো খেলোয়াড় দলের জন্য খুবই জরুরী। আলরাউন্ডার খেলোয়াড় বলেই তার চাহিদা অনেক বেশি। সাকিব দলে থাকা মানেই দলের জন্য অনেক শক্তি।
ক্রীড়া ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় জানান, ঘটনাটি শোনার পর আমি খুবই মর্মাহত হয়েছি। শুধু তার নিজ জেলা মাগুরা নয়, সারাদেশ আজ সাকিবের জন্য কাঁদছে। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব বাংলাদেশের জন্য গর্বের। এক বছর ক্রিকেট থেকে সাকিব সরে থাকলে বাংলাদেশ দলের অনেক বড় ক্ষতি হবে যা অপুরণীয়। তাই আমরা চাই সাকিব আবার ক্রিকেটে উজ্জ্বল হোক।
শহরের ক্রিকেট ফ্যান আকাশ, জয়, সাকিব, তুর্যসহ তাজিল জানান, সাকিব আল হাসান দেশ তথা মাগুরার গর্ব। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট অসম্পন্ন। এক বছর সাকিব ক্রিকেট খেলতে না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে। আমরা চাই সাকিব ক্রিকেটে আবার ফিরে আসুক।
মাগুরা জগদল সম্মিলনী কলেজের প্রভাষক শাহজাহান কবির জানান, আমরা খুবই হতাশ হয়েছি। সাকিব ক্রিকেটে থাকবে না এটা হবে না। সাকিব শুধু মাগুরার অহংকার নয়, সারা বিশ্বের গর্ব। বাংলাদেশ দলে সাকিব না থাকলে তা হবে বড় ক্ষতির কারণ।
সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল তার ছেলের এক বছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি হতাশ ও মর্মাহত হয়েছেন।
সাইফুল্লাহ/এমবি





