সদ্যসমাপ্ত বরগুনা পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে সিল দেওয়া ১৭টি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১টার দিকে শহরের বালিকা বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তা দেওয়ালের পাশে নৌকা প্রতীকে সদ্য সিল দেওয়া ১৭টি ব্যালট পেপার পাওয়া যায়।
ব্যালট পেপারগুলোতে কোনো ধরনের ভাজ, প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর, ময়লা বা দাগের চিহ্ন নেই। উদ্ধার করা ব্যালট পেপারগুলো নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, বরগুনা সদর পৌরসভায় কড়ইতলা গগণ মেমোরিয়াল কেন্দ্র ছাড়া বাকি ৮টি কেন্দ্রের ভোট শেষে ব্যালট পেপারের হিসাব জমা দেওয়া হয়েছে।
বালিকা বিদ্যালয় থেকে কোনো ব্যালট পেপার হারিয়ে যায়নি। তবে সদর পৌরসভায় সকাল থেকে নির্বাচনের কেন্দ্র দখল থেকে শুরু করে নানা ধরনের সহিংস ঘটনা ঘটে।
এ সময় কড়ইতলা গগণ মেমোরিয়াল কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। ওই সময়ে ছিনতাই হওয়া ব্যালট পেপার সিল দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াজ হোসেন বলেন, সাংবাদিকদের মাধ্যমে ব্যালট পেপারের খবরটি জানা যায়।
এরপর ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের উপস্থিতিতে ব্যালট পেপারগুলো জব্দ করে পুলিশ। তবে এ সব ব্যালট পেপারে প্রিজাইডিং অফিসারের কোনো স্বাক্ষর নেই।
বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন শেষ হয়েছে চার দিন হয়েছে। সহিংসতায় বিদ্যালয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সব ঘটনার পর বিদ্যালয়ের সবকিছু গুছিয়ে ক্লাসও শুরু হয়েছে। অথচ এতদিনে এ ব্যালটগুলো চোখে পড়েনি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।
এসএইচ





