ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকতে হবে তাই রাজনৈতিক কূটকৌশল হিসেবে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের বিচার করছে।
শনিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির 'টক শো'র আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দুটি কারণে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে। একটি হলো-দলগতভাবে আদর্শিক দিক থেকে, আর অন্যটি হলো-ইস্যুটি ব্যবহার করে ভোটের রাজনীতি করা।

তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে কয়েকভাবে। সাঈদীর রায়ের পর তার পরিবার বলছে, এমন কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা যায়নি, যার ভিত্তিতে সাঈদীকে সাজা দেয়া যায়। তার খালাস পাওয়া উচিত।

এর আগেও যদি আমরা পর্যালোচনা করি তাহলে স্কাইপি সংলাপের পর এ বিচার নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাছাড়া ট্রাইব্যুনালের প্রসিকিউটর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ এনেছে।

আসিফ নজরুল বলেন, প্রত্যন্ত অঞ্চলের এমন সব লোক-জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা মুক্তিযুদ্ধের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলো। আসলে এ বিচার দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে সরকার।

জামায়াতকে নিষিদ্ধ করলে বিএনপির ক্ষতি নয় আওয়ামী লীগের ক্ষতি। কারণ জামায়াত অন্য নামে দল করবে, আর বিএনপি সেই দলের সঙ্গে জোট করবে। তখন আর যুদ্ধাপরাধীর দল হিসেবে বদনাম থাকবে না।
কিন্তু আওয়ামী লীগের সমস্য হলো, তারা ইস্যুটি নিয়ে ভোটের রাজনীতি করতে পারবে না।

ঢাকা, ২১‌ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ