সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রেজাউল করিম রাজা নামের(৩০) এক জাপান ফেরত প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে আরো ৫ জন। এঘটনায় মজিদ ও সুজন নামের দুজনকে আটক করেছে পুলিশ।

আজ দুপুর ১টার দিকে সাভারের থানারোড তালবাগ এলাকায় সেটেলমেন্ট অফিসের গেটের সামনে এঘটনা ঘটে।

পুলিশ জানান, সাভারের রেডিওকলোনী এলাকার ছোরহাফ নামের এক ব্যক্তির সাথে নয় শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো সাভার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান এরশাদের সাথে। সেই জমি নিয়ে আছ দুপুরে থানারোড সেটেলমেন্ট অফিসে দু’পক্ষের মীমাংসা হওয়ার কথা ছিলো।

এসময় ছোরহাফ গ্রুপ মীমাংসা করতে গেলে আওয়ামী লীগ নেতা এরশাদ ও তার লোকজন জাপান প্রবাসী রাজাকে কিছু বুঝে ওঠার আগে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে হত্যা করে । এসময় রাজাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আরো পাঁচজনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা এসময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন সাভারে আইনশৃঙ্খলা এখন চরম অবনতি। গতকাল সাভারের বলিয়ারপুরে প্রকাশ্যে এক গার্মেন্টস পরিচালকে গুলি করে নগদ ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবারো প্রকাশ্যে এক জাপান প্রবাসীকে কুপিয়ে হত্যা করলো সন্ত্রাসীরা।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআই