চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় এক যুবককে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি।
বুধবার দিবাগত রাতে উপজেলার গুইচারা মাঠের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আটকবর গুইচারা মাঠে রাতের বেলা দুর্বৃত্তরা অজ্ঞাত যুবককে ধরে নিয়ে এসে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। সকাল ৭ টায় কৃষকরা মাঠে যাওয়ার সময় মস্তক বিহিন লাশ দেখে দামুড়হুদা থানা পুলিশে খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছায়নি।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা কোথাও থেকে অপহরণ করে নিয়ে এসে তাকে গলা কেটে হত্যা করেছে। তারা আরও জানায়, তার পরণে চেক লুঙ্গি ছিল।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ