কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পুলিশ মানবপাচারকারী সন্দেহে জামাল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার ভোররাত ৩টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে জামালের গ্রেফতারের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, জামালকে ফাঁসানো হয়েছে। এলাকায় সংঘটিত অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ করে সে জনপ্রিয় হয়ে উঠেছিল।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) উপপরিদর্শক মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, তার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মো. হোসেনের ছেলে জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগ রয়েছে বলে দাবি করেন মিনহাজ।

তবে গ্রেফতার যুবকের পরিবারের দাবি, জামাল একজন নিরীহ মানুষ। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। এলাকায় সংঘটিত অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ করে সে জনপ্রিয় হয়ে উঠেছিল।

সাহসী এই যুবককে হয়রানি করতে প্রশাসনকে তার বিরুদ্ধে মানবপাচারের মতো ভয়ানক ভুল তথ্য দিয়ে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করিয়েছে।

পরিবারের সদস্যরা তদন্তপূর্বক মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে জামালের মুক্তি দাবি করেন। এদিকে জামালের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এআর