নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় তাসিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশু আহত হয়।

বুধবার (০৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে খালিয়াজুড়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২২)। এ সময় আহত হয় তাদের আরেক মেয়ে পিংকি আক্তার।

জানা গেছে, বুধবার বেলা পৌনে ২টার দিকে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধাপাঁকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার ছোঁয়া লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে তাকে ছাড়াতে গেলে তারাও স্পর্শ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ে মারা যান। শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খালিয়াজুড়ী থানার ওসি মো: মজিবুর রহমান বলেন, আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

এমবি