রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকরা হলেন- গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের ওয়াজউদ্দিন মণ্ডলের ছেলে লাল মিয়া (৪৫), জামাল শেখের ছেলে আবু বকর শেখ বকু (৪২) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কজিমকান্দা গ্রামের হেলাল শিকদারের ছেলে আবুল শাহ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার কৃষক নলডুবি গ্রামের একটি মাঠে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা ওই মাঠের মধ্যে একটি শ্যালোমেশিন ঘরে আশ্রয় নেন। হঠাৎ ওই ঘরের ওপর বজ্রপাত হলে চার কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এমএনজে





