উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা ও আসনের সীমানা নির্ধারণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা থেকে এ চিঠি দেয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, দেশের ৪৩ জেলার ৩৭০ উপজেলার অসম্পন্ন কাজগুলো শেষ করার তাগিদ দিয়ে চিঠি দেয়া হয়েছে। এর আগে ২০১৩ সালে সংরক্ষিত মহিলা পদপূরণে উপজেলা পরিষদের আসন সংখ্যা ও সীমানা নির্ধারণের জন্য স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয় ইসি। পরে ৪৮৭ উপজেলার মধ্যে ২১ জেলার ১১৭টি উপজেলার আসন সংখ্যা ও সীমানা নির্ণয় করে স্থানীয় সরকার বিভাগ থেকে তালিকা পাঠানো হয়। আর বাকি উপজেলা পরিষদের আসন সংখ্যা ও সীমানা নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেন, আমরা উপজেলার সংরক্ষিত নারী আসনের সীমানা নির্ধারণ করতে আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছি। আশা করি, শিগগিরই এ বিষয়টি সমাধান করা হবে।
উল্লেখ্য, ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে থেকে উপজেলা পরিষদে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হবেন এবং তাদের ভোটে উপজেলায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী হবেন।
ঢাকা, এএম, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





