এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো আজ মঙ্গলবার অনশন করছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে গত শুক্রবার থেকে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছিলেন শতাধিক শিক্ষক-কর্মচারী। মঙ্গলবারও চলছে তাদের এ কর্মসূচি।

তাদের দাবি তিনটি হল- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা, যোগদানের তারিখ থেকে বয়স গণনা করা এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বা পাঠদান বন্ধ রাখা।

এর আগে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে ২৬ অক্টোবর থেকে শহীদ মিনার ও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এশারত আলী বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।’

অনশন কর্মসূচিতে অংশ নেন- সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডুসহ-সভাপতি রাশেদুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহসহ শতাধিক শিক্ষক।

এমএইচ