গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে নির্বাচনী রেজাল্ট শিট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর ইউনিয়নের ভেলারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৫০০ গজ দূরে এ ঘটনা ঘটে বলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান সরকার দাবি করেন।

উক্ত ঘটনার বর্ণানায় প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ভোট গণনা শেষে আমরা নির্বাচন সামগ্রী নিয়ে উপজেলা পরিষদে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষের উদ্দেশে রওনা হওয়ার পর ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সাধারণ সদস্য প্রার্থী সৈয়দ আলীর (তালা মার্কা) সমর্থকরা হামলা চালায়। হামলাকারীরা আমার কাছ থেকে রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগ ছিনিয়ে নেয় এবং আমাদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

পরে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত সাড়ে ১০টায় তাদের উদ্ধার করে বলে তিনি জানান।

অপরদিকে নিয়ন্ত্রণকক্ষেও হামলা চালানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার বলেন, রাত সাড়ে ৮টার দিকে দহবন্দ ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম কবিরের সমর্থকরা নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষে হামলা চালানোর চেষ্টা করেছে।

পরে পুলিশ সাউন্ডগান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম জানান।

 

এমআইএস।