নরসিংদী পৌর এলাকার দত্তপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপন ওরফে দালাল স্বপন (৪০) নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি নরসিংদী সদর হাসপাতালে দালালির পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তিনি দত্তপাড়া শ্মশানঘাট এলাকার ওমর আলী মিস্ত্রির ছেলে।
এলাকাবাসী জানান, সন্ধ্যার ঠিক একটু আগে স্বপন শ্মশানঘাট এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় দিনি ও রাহাতের নেতৃত্বে কয়েকজন যুবক তার পথরোধ করে। স্বপন অবস্থা বেগতিক বুঝতে পেরে দৌড় দিয়ে এক বাসার বারান্দায় উঠলে বাড়ির লোকজন ভয়ে দরজা-জানালা বন্ধ করে দেন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে লুটিয়ে পড়লে তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এলাকাবাসী আরও জানান, নরসিংদীর ডিবি পুলিশ এক মাস আগে স্বপনকে আটক করে। এক সপ্তাহ জেল খেটে বের হয়ে আসার পরপরই স্বপন একই মহল্লায় প্রায় ১৬ লাখ টাকা দিয়ে একটি বাড়ি কেনেন।
এ ছাড়াও এ পর্যন্ত স্বপন তিনটি বিয়ে করেছেন। এক স্ত্রী চলে গেলেও স্বপনের আরও দুই স্ত্রী রয়েছেন। অতিসম্প্রতি নরসিংদী সদর হাসপাতালের এক সুন্দরী নার্সকেও বিয়ে করেন। এই নার্সসহ দুই স্ত্রীকে নিয়ে তার সংসার।
ঠিক কি কারণে স্বপন খুন হয়েছেন এ মুহূর্তে নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না তার স্বজনরা।
খবর পেয়ে নরসিংদীর এএসপি (সার্কেল) মোস্তাক সরকার ও মোশারফ হোসেন (ওসি-তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নরসিংদী সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





