ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা করে ৬ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ প্রেমিকের পরিবারের লোকজন।
বুধবার উপজেলার রৌহা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের ছালামত আলীর ছেলে ইনছান আলীর (২৪) সাথে প্রতিবেশি জালাল উদ্দিনের মেয়ে মনিরা বেগমের (১৯) দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ে করবে বলে কথা দেওয়ার পরেও বিয়ে নিয়ে টালবাহানা শুরু করে। পরে মনিরা গত শনিবার থেকে বিয়ের দাবিতে প্রেমিক ইনছান আলীর বাড়িতে অনশন শুরু করে।
এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে বুধবার সকালে ইনছান ও তার পরিবারের লোকজন অনশনরত অবস্থায় মনিরাকে পিটিয়ে আহত করে। পরে মনিরার বাবা জালাল উদ্দিনের বাড়িতে হামলা ও পিটিয়ে জালাল উদ্দিন, আলী হোসেন, সিদ্দিক, মাকছুদা ও রওশনা খাতুনকে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত মনিরা বেগম ও আলী হোসেনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু ওবায়দা খান বলেন, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএইচ





