চট্টগ্রামে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৭ যাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র‌্যাব)। এ সময় দুই ‘দালালকে’ আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানার বহদ্দার পুকুর পাড়ে অভিযান চালায়ি শুক্রবার রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে র‌্যাব।

আটক ‘দালালরা’ হলেন- হুমায়ুন কবীর (২৭) ও তসলিম উদ্দিন (২৮)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, ‘উদ্ধার হওয়া ১৭ জনকে রাতের কোনো এক সময়ে কর্ণফুলী দীপথে নৌকায় তুলে দেওয়ার কথা ছিল। নৌকায় করেই তাদের মালয়েশিয়ায় পাঠানোর কথা ছিল। আমরা আগেভাগে খবর পেয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

উদ্ধার হওয়া সদস্যরা হলেন- মো. মিলন (২৫), মো. সেলিম (৩০), হাসান আলী(২৮), আহম্মদ আলী(২০), মো. আব্দুল ওয়াহেদ প্রকাশ বাবলু মিয়া(৬৭), আবু হাসান(১৯), নওশের আলী(২৮), আব্দুল মোতালেব(২৫), জালাল উদ্দিন(২৫), মির ইকবাল (২৬), রমজান আলী(৩৫), মো. রফিক (৪০), সাগর মিয়া (২৩) এবং হিরণ মিয়া (১৭), মো. শাহদিন (৩৫), মো. ওয়াসিম (২৭) ও মামুন মিয়া (২০)। তাদের বাড়ি সিরাজগঞ্জ, নরসিংদি ও যশোর জেলার বিভিন্ন উপজেলায়।

সিএমপির চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, র‌্যাবের উদ্ধারের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে আরও তদন্ত জলছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ