পঞ্চগড় শহরের হোটেল রাজনগর নামের একটি আবাসিক হোটেল থেকে তড়িৎ কান্তি রায় (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পঞ্চগড় সদর থানা পুলিশ ওই হোটেলের ১১৩ নম্বর রুমের দরজা ভেঙে ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
হোটেল সূত্রে জানা যায়, মৃত তড়িৎ কান্তি রায় (২৮) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্তি গ্রামের রনজিৎ কুমার বর্ম্মনের ছেলে। সে গত ১২ জুলাই সন্ধ্যায় ওই হোটেলে উঠে।
সোমবার সকাল থেকে রুমের দরজা বন্ধ থাকায় সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে জানালা ভেঙে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ূন কবির আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, এলআর,১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





