চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে শহিদুল (২৮) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত শহিদুলের বাবা আব্দুস সাত্তারকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

শনিবার ভোরে বিএসএফের গুলিতে আহত শহিদুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ৯বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুল আলম জানান, বিষয়টি বিজিবির জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে পরে এবিষয়ে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার নিমতিতা বিওপির বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে।

এতে শহিদুল গুলিবিদ্ধ হয়ে দেশে পালিয়ে আসলেও তার বাবা আব্দুস সাত্তারকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ শহিদুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এআর