এডিস মশা নিধন অভিযানে স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে না দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক পরিচ্ছন্নতা অভিযানে এসে সাংবাদিকদের একথা জানান আতিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার গুলশানে মশক নিধন অভিযানে ডিএনসিসির কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে।
আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমরা সবাই সচেতন না হলে এ পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। ডিএনসিসির সব ওয়ার্ডেই আমাদের চিরুনি অভিযান চলছে, যা অব্যাহত থাকবে। এখন শুধু দরকার সচেতনতা, তাহলেই ডেঙ্গু পরিস্থিতি অনেকাংশেই কমে আসবে।’
এ সময় ঢাকা উত্তরের নগরপিতা বলেন, ‘অবৈধ দোকান ও হোটেলের কারণে গাবতলী বাসস্ট্যান্ডের পেছনের দিকে ময়লা-আবর্জনার স্তুপ সৃষ্টি হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গাবতলী বাসস্ট্যান্ডের ভেতরে কোনো অবৈধ দোকান-হোটেল থাকবে না।’
এসময় এক প্রশ্নের জবাবে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক বলেন, এখানে যেসব দোকান আছে সেগুলো রাজনৈতিক মদদপুষ্ট না। কেউ প্রমাণ দিতে পারলে আমরা প্রয়োজনে আমাদের দলের নেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবো। আমরা মেয়র মহোদয়কে বলেছি একবার উচ্ছেদ করে দিতে, এরপর আমরা দায়িত্ব নিচ্ছি।
গাবতলী থেকে এক ঝটিকা অভিযানে মিরপুর মডেল থানা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। সেখানকার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। এরজন্য থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এএস





