দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে আরো ৮৮০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিন হাজার ৪১২ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর, গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ৪৩ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ৬৫টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ১১টি।

দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। সেইসঙ্গে দেশে করোনায় মারা গেছে মোট এক হাজার ৫৪৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

অধ্যাপক নাসিমা বুলেটিনে বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৮ জন এবং নারী পাঁচজন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন মারা গেছে।

ডা. নাসিমা আরো বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে ছয়জন। অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মধ্যে হাসপাতালে মারা গেছে ৩০ জন, বাড়িতে ১২ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল একজনকে।

এদিকে, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো ৮৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৩৫ জন। সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এমআর