মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফগঞ্জের ঐতিহ্যবাহী জাফগঞ্জ উচ্চবিদ্যালয়, জাফরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘরসহ বাজারের বহু দোকান-পাট, ঘরবাড়িসহ বিস্তির্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বহু মানুষ সব হারিয়ে পথে বসার পাশাপাশি না খেয়ে খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন-যাপন করছে।
রবিবার বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে, মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) জাফরগঞ্জের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
নদী ভাঙন এলাকা পরিদর্শনের সময় দুর্ভোগে পড়া জনসাধারণসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিরা ড. আকবরের কাছে অভিযোগ করেন যে ভাঙনের আগে বারবার সরকার ও প্রশাসনকে ভাঙনরোধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ ও দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।
ড. আকবর সরকার ও প্রশাসনকে নদী ভাঙনরোধকল্পে প্রয়োজনীয় আশু ব্যবস্থা গ্রহণ করাসহ দুর্ভোগে পড়া জন সাধারণের পাশে দাঁড়ানোর জন্য দাবি জানান। পরিদর্শনের সময় ড. আকবরের সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ জেলা ও থানা বিএনপি ও অংগসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





