বনানী ধর্ষণ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ও পুরান ঢাকা এলাকা থেকে পুলিশ ও র্যাব তাদের দুজনকে গ্রেপ্তার করে।
রাজধানীর গুলশান এলাকা থেকে বনানী ধর্ষণ মামলার পাঁচ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রহমত আলী। তিনি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের গানম্যান। এজাহারে পাঁচ নম্বর আসামির নাম অজ্ঞাত বলা হয়েছিল।
এদিকে, ওই মামলার চার নম্বর আসামি সাফাতের গাড়িচালক বিল্লালকে সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার নবাবপুর রোডের ইব্রাহিম হোটেল থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর পরিচালক পুলিশের অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
গত ৬ মে বনানী থানায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এমই





