ঈদ উপলক্ষে আজ রবিবার থেকে রাজশাহীতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা ও খুলনাসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কাউন্টার থেকে একজন যাত্রী সর্বোচ্চ চারটি করে টিকিট নিতে পারবেন।
প্রথম দিন ২০ জুলাই রবিবার বিক্রি করা হচ্ছে ২৪ জুলাইয়ের টিকিট। পরদিন দেওয়া হবে ২৫ জুলাইয়ের এবং ২২ জুলাই বিক্রি করা হবে ২৯ জুলাইয়ের টিকিট। আর ২৭, ২৮ ও ৩১ জুলাই ১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। আর ঈদের দিন ট্রেন বন্ধ থাকবে। পরদিন থেকে আবারও সকল রুটে চলাচল করবে। তবে ফিরতি টিকেট বিক্রির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেও জানান তিনি।

এদিকে, এবার ঈদে পশ্চিম রেলের যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য বিশেষ ব্যবস্থাস্বরুপ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় মনিটরিং ছাড়াও থাকছে বিশেষ টহল। রেলস্টেশনের নিরাপত্তায় রেল পুলিশ, জিআরপি পুলিশের পাশাপাশি পর্যবেক্ষণে থাকবে র্যারব সদস্যরাও। টিকিট কালোবাজারি, প্রতারণা, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতা বন্ধেও তারা কাজ করবেন।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই