সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের পেছনে ‘বিএনপির উসকানি’ দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পেঁয়াজের বাজারে অস্থিরতা এবং লবণের দাম নিয়ে গুজবের পেছনেও বিএনপির ‘উসকানি’ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, “উসকানি দিয়ে লাভ হবে না, আশা করি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শ্রমিকরা উঠে যাবে।”
এছাড়া আন্দোলনের নামে সাধারণ মানুষকে কষ্ট না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
এদিকে পাঁচ বছর পর অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হন স্থানীয় শহীদ ভুলু স্টেডিয়ামে। এসময় নতুন কমিটি জেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন নেতারা।
সম্মেলনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এএইচএম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে একরামুল করিম চৌধুরী।
এএস





