জেলার আমতলী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছেলের দায়ের করা ছিনতাই মামলায় বাবা অমল চন্দ্র দাসকে কারাগারে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস সোমবার বিকেলে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, নাচনাপাড়া গ্রামের অমল চন্দ্র দাসের ছেলে অসিত চন্দ্র দাস ২০১৫ সালের ১১ জানুয়ারি আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবার বিরুদ্ধে ছিনতাই মামলা করেন। ওই মামলায় অমল চন্দ্র দাস নিয়মিত হাজিরা না দেয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রোববার (২৭ মার্চ) রাতে আমতলী থানা পুলিশ অমল চন্দ্র দাসকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সোমবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হরিহর চন্দ্র দাস ও বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. মাঈনুল আহসান বিপ্লব তালুকদার।
এম আর





