চট্টগ্রামের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের ভাতিজা ফাহাদুল আনোয়ারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত নয়টার দিকে তাকে নগরীর ফিশারিঘাট এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ আটক করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন।
ধন্যাঢ্য পরিবারের সন্তান ফাহাদুল আনোয়ারের কর্মকান্ডের খবর বেশ কিছুদিন গণমাধ্যমসহ বিভিন্নভাবে আলোচিত হয়ে আসছে।
গত ১৭ আগস্ট ফাহাদুল হাটহাজারী এলাকায় নূরুন্নবী রৌশন নামে এক শিল্পপতিকে গুলি ছুড়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।
এছাড়া ফাহাদুলের উগ্র আচরণ, কথায় কথায় গুলি ছোড়াসহ বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডে তার পরিবারের সদস্যরাও অতিষ্ঠ হয়ে উঠেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এর আগে, গত ১৯ আগস্ট নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে তার চার সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ