দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জনগণের নিরপাদ আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই লক্ষ্যে রাজবাড়ী থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন করে রেলপথ নির্মাণ করা হবে।
এজন্যে রেলওয়ের ‘কালুখালী–ভাটিপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ’ প্রকল্পসহ মোট ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের নিয়মিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘একনেক বৈঠকে ৩ হাজার ৯৬১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে মোট ছয় প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে ৩ হাজার ৮১৪ কোটি ৯৪ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৭ কোটি টাকা।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘২ হাজার ২৩ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ‘কালুখালী–ভাটিপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেয়া হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।’
প্রকল্পটি সম্পর্কে তিনি বলেন, ‘জাতির লালিত স্বপ্ন পদ্মসেতু। পদ্মাসেতুতে রেল স্থাপনের জায়গা রাখা হয়েছে, এ কারণে আমরা সেতুর সঙ্গে প্যারালাল হিসেবে রেললাইন নির্মাণ করতে যাচ্ছি।
এটা অত্যন্ত ভালো একটি প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়ন হলে ফরিদপুর রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।’
এসএইচ





