রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের রেজাউল করিম ওরফে আবু ডাক্তার নিহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সোমবার (১৪ অক্টোবর) বিকেল থেকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছিল।

শেষ পর্যায়ে সভাপতি-সম্পাদক নির্বাচনে ভোটাভুটি নিয়ে দৌলতদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ও সাবেক চেয়ারম্যান মো. আতর আলী সরদারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ২১ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আবু ডাক্তার নামে একজনকে প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।

পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এএস