টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা। সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের মাওলানা আব্দুর রহমান।
আজ (১১ জানুয়ারি) শনিবার সকাল ১০টায় বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশী সংখ্যক মুসল্লির অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।
টঙ্গীর ইজতেমার প্রথম পর্বে যোগ দেয়া আরও ৪ মুসল্লির মৃত্যূ হয়েছে। এনিয়ে এবারের ইজতেমায় যোগ দিতে আসা ৯ মুসল্লি মারা গেলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, গেল রাতে কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা গ্রামের আ. সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তোল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাহজাহান (৬০), বরিশাল জেলার গৌরনদী থানার খালিজপুর গ্রামের হাতেম আলী বয়াতীর ছেলে আলী আজগর (৭০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ওসমান গনির ইউসুফ মেম্বার (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া শুক্রবার (১০ জানুয়ানি) সন্ধ্যায় রাজশাহী জেলার চারঘাট থানার বনকির গ্রামের রহিম উদ্দিনের ছেলে আ. রাজ্জাক (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলী (৭০) মার যান। এনিয়ে এবারে ইজতেমায় আগত ৯ জন মুসল্লি মারা গেছেন।
ইস্তেমা আয়োজক জহির ইবনে মুসলিম জানান, আজ বাদ যোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান, এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন।
আগামীকাল (১২ জানুয়ারি) রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে চারদিন পর আগামী ১৭ -১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয়পর্ব। এই পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এমবি





