জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) তাকে প্রদোন্নতি দিয়ে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার অবসরে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এ বছরের ৪ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা প্রাপ্য হবেন তিনি।
গত ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কবির বিন আনোয়ার।
এবিএস





