ঢাকা শহরের দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর উপকণ্ঠে কেরানীগঞ্জে ডাকাতির চেষ্টার সময় ছয় ডাকাতকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুন) ভোরে ওই থানা এলাকার চিতাখোলা সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাতরা হলেন- ইলিয়াস (৩০), আজিজ (২৬), জুয়েল (২৫), রাসেল (২৮), আলামিন (২৫) ও রবিন (২৬)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হান্নান জানান, ভোরে চিতাখোলা সড়কে টহলরত পুলিশ ডিউটি করার সময় একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার গতিরোধ করে ভেতরে থাকা ছয় যুবকের দেহ তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে দু’টি রামদা, দু’টি ছুরি, হাত-পা বাঁধার রশি ও চোখ বাঁধার কাপড়ের টুকরা পাওয়া যায়। জব্দ করা হয় ওই সিএনজি চালিত অটোরিকশাও।

তিনি আরও জানান, সংঘবদ্ধ এ ডাকাত চক্রটি চিতাখোলা এলাকায় প্রায়ই সিএনজিতে ডাকাতি করতো।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় এএসআই হান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে ছয় ডাকাতকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

এমআর