বি:বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বুধবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
এতে আলমগীর হোসেন (৪৫) নামে বিজিবির সাবেক এক জওয়ান ঘটনাস্থলেই নিহত হন।
তিনি শরীয়তপুরের নরিয়া উপজেলার মালদোহা এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় বাসচালক আবদুল খালেক (৫৫) এবং চালকের সহযোগী স্বপন মিয়াকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত একটার দিকে তাদের মৃত্যু হয়। আহত অন্যদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হানিফ পরিবহনের ব্যবস্থাপক মাহফুজুর রহমান বাসের চালক ও তার সহযোগী নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেক ও স্বপনের লাশ পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবীর বলেন, বেপরোয়া গতির বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এমই





