বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে রোজা হবে ৩০টি। ফলে আগামী শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১৩ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার (১৪ মে) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

এমবি