মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন লাগানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় মামলার পর মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হাটভোগদিয়া গ্রামের ইউনুছ কাজীর ছেলে রতন কাজী(৩৫), পয়শা গ্রামের মৃত আব্দুর রহিম শেখের ছেলে শাহীন শেখ (২৬) এবং একই গ্রামের আব্দুর মান্নান হাওলাদের ছেলে হাসান হাওলাদার (২৫)।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি নির্বাচনের প্রচারণার জন্য প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প করেছেন। গেল সোমবার দিবাগত রাত দুইটার দিকে গাওদিয়ার পালগাওয়ের আনন্দ বাজার ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খানকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান। এই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেড





