রাজধানীতে ছয় লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে দারুস সালাম থানাধীন দারুস সালাম টাওয়ারের নিচে রাফাত জেনালের স্টোরের সামনে থেকে মো. সাইদুল ইসলাম (২০) ও মো. খোকনকে (২২) আটক করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান, আটক সাইদুল ইসলাম ও খোকন মিয়া পেশায় হকার। তারা নিউ মার্কেট এলাকায় রাস্তার পাশে দোকান নিয়ে জামা-কাপড় বিক্রি করে। অধিক মুনাফা লাভের আশায় তারা জাল টাকার ব্যবসায় জড়িয়ে পড়ে।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, প্রতি ১০০০ টাকার জাল নোট ৩০০ টাকায় কিনে থাকে। নিউ মার্কেট ব্যস্ততম এলাকায় হওয়ায় তারা সহজেই সাধারণ মানুষকে কৌশলে এ টাকা দিয়ে থাকে।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর বিপণীবিতানগুলোতে ক্রেতাদের অনেক সমাগম থাকে। সুযোগ বুঝে তারা বড় বড় শপিং মলের পাশে অবস্থান নিয়ে কৌশলে সাধারণ মানুষের কাছে জাল টাকা দিয়ে প্রতারণা করে আসছিল।

মারুফ আহমেদ জানান, জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত তিনটি পর্যায়ে সিন্ডিকেট ভিত্তিক লোক কাজ করে। প্রথম ধাপে জাল কারেন্সি নোট প্রস্তুতকারী পাইকারি বিক্রেতার কাছে এক লাখ টাকার একটি বান্ডেল ৩০-৩৫ হাজার টাকায় বিক্রি করে। দ্বিতীয় ধাপে পাইকারি কারবারীরা আবার এসব টাকা খুচরা কারবারীর কাছে ৪০-৫০হাজার টাকায় বিক্রি করে। তৃতীয় ধাপে খুচরা কারবারীরা এসব টাকা নিজস্ব লোকজনের মাধ্যমে তা সরাসরি কৌশলে ঢাকার গুলিস্থান, যাত্রাবাড়ী, ফার্মগেট, সদরঘাট, নিউমার্কেট, কারওয়ান বাজার, গাবতলী ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে।

জেআই