মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জয়নাল আবেদীনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ চোরের দল বাড়ির পেছন দিয়ে বারান্দার গ্রিল ভেঙ্গে চারটি কক্ষে প্রবেশ করে নগদ টাকা, সোনা ও রুপার অলঙ্কারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

সাবেক সংসদ সদস্যের মেয়ে রুনা জানান, শুক্রবার সকালের দিকে লোকজন ঘরে তালা দিয়ে চিকিৎসার জন্য কুষ্টিয়া যান। কুষ্টিয়া থেকে সন্ধ্যায় ফিরে ঘরের দরজা ভাঙা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে তিনি ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

জেআই