আগামী বছরের মার্চের মধ্যে সাভার চামড়া শিল্প নগরীতে এ খাতের কারখানা স্থানান্তরে শিল্প মালিকরা ব্যর্থ হলে বরাদ্ধ বাতিল করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, যথাসময়ে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না হলে বরাদ্ধকৃত প্লট নতুন বা বিদেশী উদ্যোক্তাদের দেওয়া হবে।
বুধবার শিল্পমন্ত্রণালয়ে সাভারে চামড়া শিল্প স্থানান্তর বিষয়ক এক যৌথ বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
শিল্পমন্ত্রী বলেন, ‘চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ কাজ চলছে। সিইটিপির কাজ শেষ হওয়ার আগে যদি শিল্প মালিকরা তাদের কারখানা সাভারে হস্তান্তর না করে তাহলে সিইটিপি প্লান্টটি হুমকির সম্মুখীন হবে। তাই এসময়ের মধ্যে ট্যানারি মালিকদের শিল্প কারখানা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।’
আমির হোসেন আমু আরো বলেন, ‘সিইটিপি নির্মাণ কাজ চলছে। যথাসময়ে এই কাজ শেষ হবে বলে আস্বস্ত করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
শিল্প সচিব মঈন উদ্দিন আব্দুল্লার সভাপতিত্বে বৈঠকে বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিসড লেদার গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহেরসহ সংশ্লিষ্ঠ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





