রাজধানীর উত্তরায় কাজী আতিক (২৮) নামে এক যুবকের রহস্যজনক ‍মৃত্যু হয়েছে।

বুধবার দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতিক মানিকদী এলাকার বাসিন্দা।

নিহতের খালু নাসিমুল গনি মিথুন বলেন, আতিক উত্তরার একটি গার্মেন্টসে অফিসার পদে কর্মরত ছিলেন।

তিনি আরো বলেন, আহত অবস্থায় আতিককে উত্তরার নসট্রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে কে বা কারা তার স্ত্রী জেসমিনকে ফোনে জানায়। পরে সেখানে গিয়ে আতিককে জরুরি বিভাগে পেলেও অন্য কাউকে পাওয়া যায়নি। পরে চিকিৎসকের পরামর্শে আতিককে ঢামেক হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রী।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, তাদের নিকটতম আত্মীয়ের কাছ থেকে ঘটনার বিষয়ে শুনেছি। তার (আতিক) কপালে ক্ষত চিহ্ন ও পায়ে আঘাতের দাগ রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমবি