অবরোধের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসার পথে দগ্ধ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
শনিবার সকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিলে সুলতানা ইসলাম দীবা দগ্ধ হন। এখন তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী রশিদ আল রুহানী বলেন, এদিন সকাল ৯টায় ক্লাস থাকায় সুলতানা নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী স্বদেশী পরিবহনে বিশ্ববিদ্যালয়ে আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে রায়ারবাগে বাসটিতে কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। এ সময় সুলতানাসহ ৫-৭ জন অগ্নিদগ্ধ হয়।
এ ব্যাপারে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাশেদুল হাসান বলেন, দীবার হাটু ও পা দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হবে।
সুলতানাকে হাসপাতালে দেখতে আসা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





