পাবনা শহরে অভিযান চালিয়ে রুপকথা রোড এলাকার শহীদ আমিন উদ্দিন আইন কলেজ ক্যাম্পাসের পরিত্যক্ত ভবন থেকে ছয় মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার পৈলানপুর মহল্লার মৃত বাশার বাবুলের ছেলে আব্দুল্লাহ (২৪), শান্তিনগর মহল্লার হাসান সরদারের ছেলে পানু সরদার, পৈলানপুর মহল্লার মনি শিকদারের ছেলে নান্টু শিকদার, মৃত আব্দুস ছামাদের ছেলে রফিক (৩৫), দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার ইসমাইল সরদারের ছেলে আজিজল (৫৫) ও গোপালপুর মহল্লার আব্দুল্লার ছেলে আলি আজম (৪৮)।

সকালে তাদের আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের সামনে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ, পানু সরদার ও নান্টুকে (৩ জন) তিনমাস এবং রফিক, আজিজল ও আলি আজমকে ( অপর ৩ জন) একমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পাবনা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ সাজার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

কেএইচ