ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সিলেটে ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং চালু হয়েছে। রাজধানীতেও ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিং আছে। যে সব জায়গায় বিট পুলিশিং আছে তারা ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে, এমন নির্দেশনা দিয়ে দেব।
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১৫ আগস্ট শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান কামাল বলেন, কিছুদিন আগে পদ্মা সেতুতে মাথা লাগবে, এ ধরনের একটি গুজব ছড়িয়ে পড়েছিল। এই বিষয়ে আমরা জনসচেতনতা তৈরি করতে পেরেছি। কেউ যদি এ ধরনের গুজব ছড়ায়, মানুষ তাদের ধরে পুলিশে কাছে হস্তান্তর করছে। এ ছাড়া প্রয়োজনে ৯৯৯ ফোন করে তথ্য দিচ্ছে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ সংকট থেকে বের হওয়ার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কলকাতার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ দুই বছর ড্রেন-নালা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম চালানোর পর কলকাতাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা হয়েছে।
ইতোমধ্যে আমাদের সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।
এএস





