মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। যা সংবিধানে সুনির্দিষ্ট করা আছে। রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল।

শনিবার দুপুরে পিরোজপুরে ‘মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের করণীয়’ শিরোনামের এক মতবিনিময় সভায় সুলতানা কামাল এ সব কথা বলেন।

স্থানীয় টিআইবি কার্যালয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, এ্যাডভোকেট এ্যাডভোকেট শহীদুল্লাহ খান প্রমুখ।

সুলতানা কামাল বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধ করতে না পারলে মনুষ্য জন্মই বৃথা। দেশে একের পর এক মানবাধিকার লঙ্ঘন ঘটলেও তার কোনো জবাবদিহিতা নেই। কারণ গণতন্ত্রহীনতার মধ্যে বাস করলে জবাবদিহিতা গড়ে ওঠে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠন করে শহীদদের রক্তের ঋণ শোধ করা আমাদের দায়িত্ব। গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সকলের সমান অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধীদের বিচার সম্পন্ন করার পক্ষে।

এসএইচ