টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ছোরহাব হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
ছোরহাব হোসেনের বাড়ি জেলার গোপালপুর উপজেলার মাদারজানী পূর্বপাড়ায়।
একই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম, চান মিয়া ও সালমা বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান ছোরহাব হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন এ ঘটনায় নিহত চম্পা বেগমের ভাই বাদী হয়ে চারজনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা করেন।
এরপর তদন্ত শেষে আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে মামলার শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ছোরহাবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
এছাড়া অভিযোগের সত্যতা না পাওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআইএস





