নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামে শোবার ঘর থেকে আরাফাত (৬) নামে এক অগ্নিদগ্ধ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শিশু আরাফাত শ্রীরামপুর গ্রামের দরিদ্র মকলেছার রহমানের ছেলে। এ ঘটনায় শিশুর সৎ মা সাথী আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বছর দু’য়েক আগে মকলেছার তার প্রথম স্ত্রীকে (আরাফাতের মা) রেখেই সাথী আক্তারকে বিয়ে করেন। সেই থেকে সৎ মায়ের সংসারে বড় হচ্ছিলো আরাফাত।

রোববার (২৪ জুলাই) দুপুরে সাথী আক্তার শোবার ঘরে সতিনের ছেলে আরাফাতের গায়ে আগুন ধরিয়ে হত্যা করেছে জানতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আরাফাতের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার সময় বাড়িতে আরাফাতের সৎ মা সাথী আক্তার ছাড়া আর কেউ ছিলো না। ফলে, ধারণা করা হচ্ছে সৎ মা’ই আরাফাতের হত্যাকারী হতে পারে। তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

ওএফ