বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান বলেছেন, এ নির্বাচন সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির চ্যালেঞ্জ। ২৮ এপ্রিল নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে সরকারের প্রতিটি নির্যাতনের জবাব দেয়া হবে। তিনি বলেন, এ নির্বাচনের প্রতিটি ব্যালট হবে প্রতিবাদের ভাষা।

তিনি বলেন, মনজুর আলমের পরিচয় তার কর্মে। উন্নয়নই মনজুর আলমের একমাত্র চাওয়া পাওয়া। গত সাড়ে চার বছরে তিনি তার উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে নগরবাসীর মন জয় করেছেন।

অপরদিকে ২০ দল সমর্থিত প্রার্থী মনজুর আলম বলেছেন, মেয়র নির্বাচিত হতে পারলে সিটি কর্পোরেশন ভবন নগরবাসীর আস্থার ঠিকানায় পরিণত করা হবে। চট্টগ্রাম।

রোববার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের কমলালেবু মার্কার সমর্থনে গনসংযোগকালে দেয়া বক্তব্যে নোমান ও মনজু এসব কথা বলেন।

নোমান বলেন, ইতোমধ্যে ব্যাপক জনসমর্থন দেখা যাচ্ছে। মনজুর আলম বিপুল ভোটে বিজয় হবেন নির্বাচনে। এ জন সমর্থন ও বাস্তবতা উপলব্ধি করতে পেরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও ড. হাসান মাহমুদসহ সরকারের মন্ত্রী এমপিরা সেনাবাহিনী মোতায়েনের বিরোধীতা করছেন।

গণসংযোগকালে আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য বহদ্দার হাট থেকে বারৈপাড়া হয়ে কর্ণফুলী নদীর মুখ পর্যন্ত চাক্তাই খাল খননের জন্য মন্ত্রনালয়ের কছে এক হাজার কোটি টাকার বরাদ্দ চেয়েছিলেন মনজুর আলম। কিন্তু সরকার অনেক দেরিতে সামান্য টাকা বরাদ্দ দেয়ায় এ কাজ সময়মতো পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। এবার নির্বাচিত হলে সরকারের কাছে ধর্ণা না দিয়ে কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এ কাজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, সরকারের মন্ত্রী এমপিরা প্রতিনিয়তো আচরণ বিধি লঙ্ঘন করে বক্তব্য দিয়ে ভয়ভীতি’র মাধ্যমে নির্বাচনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। যোগাযোগ মন্ত্রীর ঘন ঘন চট্টগ্রাম সফরে এবং তার বিতর্কিত বক্তব্যে আমরা ষড়যন্ত্র ও কারচুপির গন্ধ পাচ্ছি।

এসময় নোমান নির্বাচনের এক সপ্তাহ আগে চট্টগ্রামে সেনা মোতায়েনের জন্য ইসির প্রতি আহ্বান জানান।

শুলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম হুমায়ুনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভা ও গনসংযোগকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর, মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল প্রমুখ। এছাড়া সমাবেশে শুলকবহর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভা শেষে মেয়রপ্রার্থী মনজুর আলম ও আবদুল্লাহ আল নোমান কাতালগঞ্জ, বাদুরতলা, বড় গ্যারেজ, সুগন্ধা সড়ক, এশিয়ান হাউজিং, মির্জাপুল, সুগন্ধা ও নাছিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এসময় মনজুর আলম বলেন, জলাবদ্ধতা নিরসনে গত সাড়ে চার বছরে যে কাজ হয়েছে অন্য কোন মেয়রের আমলে তা হয়নি। তিনি বলেন-চাক্তাই খাল খননের জন্য উদ্যোগ নেয়া হয়েছিল, কাজ শুরু হয়েছে। বর্তমানে ফান্ডের অভাবে তা বন্ধ রয়েছে। তাঁকে পূনরায় নির্বাচিত করে এসব অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেয়ার আহবান জানান।

জেএ