কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তোফায়েল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি সে একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২০ জুন) ভোরে মহানগরীর সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত তোফায়েল কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার নোমান ওরফে সবুজ মিয়ার ছেলে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইস গিয়ার ছুরি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ভোরে রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এসময় উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতা তোফায়েল ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদকবিক্রেতা তোফায়েল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, নিহত তোফায়েল পুলিশের তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে থানায় ছয়টির বেশি মামলা রয়েছে। তার মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে।





